Responsive Ad Slot

Hot Games

Startup

Trends

Tech

মাশরাফিকে দেখেই জড়িয়ে ধরলেন মুস্তাফিজ

Tuesday, May 31, 2016

দীর্ঘ দুইমাস পর দেশে ফেরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় করে ফেরা মুস্তাফিজুর রহমান সকালে উঠেই চলে গেলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই দেখা হয়ে গেলো জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। আর কে পায়! সঙ্গে সঙ্গে দলের ‘অভিভাবক’ মাশরাফিকে জড়িয়ে ধরলেন সদ্য কৈশোর পেরনো ‘কাটার মাস্টার’।


সোমবার রাত সাড়ে দশটায় দেশে ফেরেন মুস্তাফিজ। সকাল হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে। সেখানে অ্যাকাডেমি ভবনে তার ইনজুরি পরীক্ষা করা হয়। বিসিবি চিকিৎসকদের কাছ থেকে ছাড়া পাওয়ার পরপরই সবার সাথে দেখা করতে থাকেন বাঁ-হাতি পেসার। ততক্ষণে দুপুর হয়ে গেছে। ঠিক এই সময়েই তার সঙ্গে দেখা হয়ে যায় অধিনায়ক মাশরাফির।



মুস্তাফিজকে দেখে কতটা খুশি হয়েছেন মাশরাফি, সেটা তার আকর্ণ বিস্তৃত হাসি প্রমাণ। মুস্তাফিজও তাকে দেখে ছুটে গেলেন। বুকে জড়িয়ে নিলেন। হাসি ফুটলো আশেপাশের সবার মুখেই। ফটোসাংবাদিকদের ব্যস্ততাও বেড়ে গেলো।

আইপিএলে যাওয়ার শুরু থেকেই মুস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন অধিনায়ক মাশরাফি। মুস্তাফিজের চাপ, ইনজুরি সবকিছু ভাবাচ্ছিলো তাকে। সতীর্থের ফেরাটা অধিনায়ক হিসেবেও তাকে স্বস্তি দিয়েছে।

আইপিএলে ১৭ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা মুস্তাফিজ। জিতেছেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার। শুধু তাই নয়, তার দল জিতেছে টুর্নামেন্টের নবম আসরের শিরোপাও। 

Latest

Blog Archive

Hit Me