অ্যাঞ্জেল ডি মারিয়া ও এভার বেনেগা দ্যুতিতে আর্জেন্টিনা তারকা স্ট্রাইকার লিওনেল মেসিকে ছাড়াই কোপা আমেরিকায় নিজেদের প্রথম খেলায় চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে। এই জয়কে কোপার গত আসরের ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনার হারের প্রতিশোধ ভাবছেন অনেকে। যদিও সমর্থকদের এমন ভাবনাকে আমুলে নিচ্ছেন না আর্জেন্টাইনদের কোচ জেরার্ডো মার্টিনো। প্রতিযোগিতাটিতে শুভ সূচনা করতে পারায় শিষ্যদের খেলায় কেবল সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসির অনুপস্থিতি বুঝতেই দিলেন না দি মারিয়া আর ও বেনেগা। মেসি চোট থেকে মাত্রই সেড়ে ওঠলেও যুক্তরাষ্ট্রের সান্টা ক্লারায় বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার সকাল আটটায় শুরু হওয়া ‘ডি’ গ্রুপের এই ম্যাচে চিলির বিপক্ষে খেলানোর ঝুঁকি নেননি কোচ মার্টিনো। সাইড বেঞ্চে বসে দলের প্রথমার্ধের খেলা দেখে খানিকটা হতাশ হতেই পারেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে শেষ পর্যন্ত সহজ জয়ই উপহার দেয় তার সতীর্থরা।
ভাগ্য পাশে থাকলে খেলার দ্বিতীয় মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। মেসির বদলে খেলতে নামা নিকোলাস গাইতানের হেডে বল গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ২৩তম মিনিটে ডি মারিয়ার কর্নার থেকে রোহোর হেড লক্ষ্যে থাকেনি। আধ ঘণ্টার মাথায় প্রথমার্ধে নিজেদের সবচেয়ে ভালো সুযোগটা পায় চিলি। ডি-বক্সের বাইরে থেকে আলেক্সিস সানচেসের জোরালো শট নিচু হয়ে এক হাতে ঠেকান গোলরক্ষক সার্জিও রোমেরো। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বেনেগার বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে পরক্ষণেই বাঁ পায়ের শটে ব্রাভোকে পরাস্ত করেন পিএসজির তারকা মিডফিল্ডার ডি মারিয়া।
৫৯তম মিনিটে প্রায় একই রকম আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এবার ভূমিকা বদল ডি মারিয়া আর বেনেগার। ডি-বক্সে ডি মারিয়ার বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান বেনেগা। ডিফেন্ডার মাউরিসিও ইসলার পা লেগে বল খানিকটা দিক পাল্টানোয় ধোঁকা খেয়েছিলেন ব্রাভো। ৬৬তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে হিগুয়াইনের মাটি কামড়ানো শট পা বাড়িয়ে ঠেকান ব্রাভো। ৮৬তম মিনিটে রোহোর হেড আবারও পোস্টের বাইরে দিয়ে যায়।
অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে সান্ত্বনার গোলটি পায় চিলি। ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান কমান হোসে পেদ্রো ফুয়েনসালিদা।
এবারের কোপা আমেরিকার প্রথম খেলাতেই বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে জয় পাওয়ায় ফুর ফুরে আর্জেন্টিনা শিবির। খেলা শেষে দলটির কোচ মার্টিনোর শিষ্যদের প্রশংসা করে বলেন, ‘দলের পুরো ৯০ মিনিটের খেলাটাই আমার পছন্দ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের দলের যে কেউ অনুপস্থিত থাকুক না কেন— আমাদের সে বাধা অতিক্রম করতে হবে। কিভাবে খেলার বিভিন্ন পরিস্থিতি সামলাতে হয়, এটা দলের খেলোয়াড়রা জানতো এবং আমরা পরিষ্কারভাবে এই জয়ের যোগ্য ছিলাম।’
‘ডি’ গ্রুপে দিনের প্রথম খেলায় পানামা ২-১ গোলে হারিয়েছে বলিভিয়াকে।—সুপার স্পোর্টস
জয়ের পর নানিকে স্মরণ ডি মারিয়ার
g স্পোর্টস ডেস্ক
মেসির অনুপস্থিতিতে চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রেখেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা আমেরিকায় শুভ সূচনার পর সদ্য প্রয়াত নানিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আবেগাপ্লুত এই উইঙ্গার।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জেরার্ডো মার্টিনোর দলের গোল দুটি করেন ডি মারিয়া ও এভার বেনেগা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে ডি মারিয়ার নানি মারা গেলেও তিনি পরিবারের সঙ্গে যোগ না দিয়ে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেন। দলকে এগিয়ে দেয়া গোলটি করার পর দাদিকে শ্রদ্ধা জানানো বার্তা লেখা টি-শার্ট নিয়ে উদযাপন করেন তিনি। শার্টটিতে লেখা ছিলো, ‘নানি, আমি তোমাকে অনেক মিস করবো।’
ম্যাচ শেষে টেলিভিশনে আবেগী এক সাক্ষাত্কারে ডি মারিয়া বলেন, ‘আমি খেলতে চেয়েছিলাম। কারণ আমার জাতীয় দলে থাকাটা নানির জন্য ছিল গর্বের। আমি জানতাম, গোল করার সুযোগ পাব এবং আমি আমার পরিবারকে শুভেচ্ছা পাঠাই।’ এ ব্যাপারে আর্জেন্টাইন কোচ মার্টিনো বলেন, ‘খেলা শুরুর পাঁচ মিনিট আগে আমি জানতে পেরেছি যে, তার নানি মারা গেছে। এ ব্যাপারে সে (ডি মারিয়া) আমাকে কিছু বলেনি, বরং সে খেলার জন্য ভালো বোধ করছিলো।’—সকারওয়ে
